আগামীকাল কি কোনো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যে বকেয়া ডিএ নিয়ে জট এখনও পুরোপুরি খোলেনি।

গত ৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্ট বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নিদান দিলেও, সব টাকা না মেলায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। বকেয়া মেটানোর ক্ষেত্রে টালবাহানা ও বঞ্চনার অভিযোগ তুলে ফের পথে নামতে চলেছেন সরকারি কর্মীরা।

আগামী ১২ এপ্রিল কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের সমস্ত স্তরের মানুষকে একটি মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ফলত ভোটের ঠিক মুখে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি নিঃসন্দেহে বাড়াচ্ছে মহার্ঘ ভাতা। আগামী ১২ এপ্রিলের কর্মসূচীর পাশাপাশি প্রতিটি বুথে গিয়ে গিয়ে তৃণমূল সরকারের মিথ্যের বিরুদ্ধে প্রচার চালানোর কথাও জানিয়েছেন তারা।