ঈদুল ফিতরের পবিত্র সকালে নকশালবাড়ির রথখোলা ময়দান পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। ভোর থেকে দলে দলে মানুষ জমায়েত হতে শুরু করেন ও নির্ধারিত সময়ে হাজার হাজার মুসলিম ভাইরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।
ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র ধরা পড়ে এদিন। এই বিশেষ দিনে উপস্থিত হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
তিনি বলেন, সকলের মিলিত প্রচেষ্টাতেই সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব। অন্যদিকে শিলিগুড়ি শহরতলী সহ শিলিগুড়ি মহকুমা এলাকার বিভিন্ন এলাকাতেও ঈদের নামাজে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
