বুকিংয়ের পরও সিলিন্ডার না পাওয়ায় গ্রাহকদের বি*ক্ষোভ

বুকিং করার পরেও মিলছে না গ্যাস সিলিন্ডার। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহারের মাথাভাঙ্গা পশ্চিমপাড়া সংলগ্ন একটি গ্যাস অফিসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু গ্রাহক কয়েকদিন আগেই গ্যাস সিলিন্ডারের বুকিং করেছিলেন।কিন্তু বারবার ফাঁকা সিলিন্ডার নিয়ে অফিসে এসে তাদের খালি হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। এর ফলে অনেক বাড়িতেই রান্না কার্যত বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রাহকদের।

এদিকে গ্যাস না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও ধীরে ধীরে স্বাভাবিক হয়।

অন্যদিকে, গ্যাস অফিস কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আরব অঞ্চলে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে গ্যাস সরবরাহের উপরেও। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দিলেও দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকেরা।