রান্নার গ্যাস বুকিং করেও নির্ধারিত সময়ে ডেলিভারি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। অভিযোগ, গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মিলছে না।
এমনকি অফিসে গিয়েও সন্তোষজনক উত্তর না পেয়ে উল্টে বন্ধ অফিসের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্যাস গ্রাহকদের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকাতেই অবস্থিত একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সংস্থার বিরুদ্ধে সময়মতো গ্যাস সরবরাহ না করা, ফোন না ধরা ও পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে সরব হন গ্রাহকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তাঁরা। প্রয়োজনের সময় গ্যাস না পেয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
উল্লেখ্য, এই প্রথম নয় গত ২৪ তারিখেও একই সংস্থার বিরুদ্ধে গ্যাসের কালোবাজারির অভিযোগ তুলে পথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন গ্রাহকদের একাংশ। ফলে বারবার একই অভিযোগ সামনে আসায় ডিস্ট্রিবিউটর সংস্থার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
