অষ্টমী উপলক্ষ্যে করতোয়া নদীতে ভক্তদের পুণ্যস্নান

ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে মুখর হয়ে উঠল আমবাড়ির করতোয়া নদীর ঘাট। অষ্টমী উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী গঙ্গাস্নান, যেখানে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ে এলাকা।

আমবাড়ি গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় এবছর ৫৭ বছরে পদার্পণ করল এই প্রাচীন আয়োজন। দীর্ঘদিন ধরে চলে আসা এই গঙ্গাস্নানকে ঘিরে প্রতিবছরই উৎসবের আবহ তৈরি হয়, যার ব্যতিক্রম ঘটেনি এবছরও।

অষ্টমী স্নান উপলক্ষ্যে সাত দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে। এদিন থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। সকাল থেকেই আমবাড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা পুণ্যস্নানের উদ্দেশ্যে ভিড় জমাতে শুরু করেন। এদিন মেলার শুভ উদ্বোধন করেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, আমবাড়ি মা গঙ্গা সংঘের উদ্যোগে গত ৫৭ বছর ধরে এই অষ্টমী স্নান ও মেলার আয়োজন হয়ে আসছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে করতোয়া নদীতে স্পিডবোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুম সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবছরও এই ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হবে, যা এই অঞ্চলের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে।