প্রিন্ট মিডিয়া ও লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টারে সম্প্রতি ‘বাংলাকে জানো’ শীর্ষক এক কর্মশালার অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রিন্ট মিডিয়া এবং লিটল ম্যাগাজিনের ঐতিহ্য ও বর্তমান গুরুত্ব নিয়ে একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়ে গেল। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এই বিশেষ অধিবেশনটির মূল বিষয় ছিল ‘উত্তরবঙ্গের মুদ্রণ মাধ্যম এবং ক্ষুদ্র পত্রিকার বিবর্তন’। মহানির্বাণ ক্যালকাটা রিসার্চ গ্রুপ, আইএলএসআর (কলকাতা) এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অধিবেশনে মূলধারার সংবাদপত্রের পাশাপাশি লিটল ম্যাগাজিন আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে অত্যন্ত গভীর ও তাত্ত্বিক আলোচনা করা হয়।
ঐদিনের সভায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ আবু মনির, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের প্রধান ডঃ শুভ্রজ্যোতি কুণ্ডু, বিভিন্ন পত্র, পত্রিকার সম্পাদক ও বিশেষজ্ঞরা। সম্পূর্ণ অধিবেশনটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করা হয়। আলোচনার মাধ্যমে উঠে আসে উত্তরবঙ্গের লিটল ম্যাগাজিনগুলোর ঐতিহাসিক বিবর্তন এবং তাদের মতাদর্শগত ভিত্তি। বর্তমান ডিজিটাল যুগে এই ক্ষুদ্র পত্রিকাগুলোর টিকে থাকার লড়াই, পাঠকসংখ্যা এবং সম্পাদকীয় স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো নিয়ে বক্তারা তাঁদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।