আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিণী হাইস্কুল মাঠে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবমতম সম্মেলনে যোগ দেবেন তিনি। পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে শাল গাছ রোপণ করা হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায়-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের সদস্যরা। আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল।
গতবার অসমে আয়োজিত হলেও এবারে উত্তরবঙ্গে হচ্ছে এই সভা। কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানান, দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং রাষ্ট্রপতির হাতেই সম্মেলনের সূচনা হবে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে ফাঁসিদেওয়া জুড়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
