কেঁচোর সারেই স্বনির্ভরতার পথ – বক্সা টাইগার রিজার্ভের পানিঝোড়া বই গ্রামের ৫০ মহিলা এখন আত্মনির্ভর

কেঁচোর সার উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত পানিঝোড়া বই গ্রামের মহিলারা। এই মুহূর্তে গ্রামের প্রায় ৫০ জন মহিলা কেঁচোর সার তৈরি করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে হর্টিকালচার দফতরের পক্ষ থেকে গ্রামবাসী মহিলাদের জন্য দু’দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ কেঁচোও সংশ্লিষ্ট দফতর থেকেই সরবরাহ করা হয়েছে।

কেঁচোর সার উৎপাদনের জন্য প্রথমে মাটি থেকে প্রায় দুই ফুট উঁচু করে ছোট ছোট বেড তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে বেডের একেবারে নিচে মাটি, তার উপর কলাগাছের বাকল, খড়, কচুরিপানা ও শেষে কেঁচো দেওয়া হয়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রায় তিন মাস সময়ের মধ্যেই উন্নতমানের কেঁচোর সার উৎপাদন সম্ভব হয়। সূত্রের খবর, বর্তমানে বাজারে কেঁচোর সারের চাহিদা ক্রমশ ঊর্ধ্বমুখী। ফলে এই উদ্যোগ গ্রামের মহিলাদের আয় বৃদ্ধির পাশাপাশি পানিঝোড়া বই গ্রামের সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

স্বাভাবিকভাবেই এই উদ্যোগে অংশ নিয়ে খুশি ও আশাবাদী বনাঞ্চলের এই গ্রামের মহিলারা। অন্যদিকে, জেলা প্রশাসনের এই স্বনির্ভরতা মূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শিবানী টোপ্প ও বিশিষ্ট সমাজসেবী পার্থ সাহা।