প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লেখনে তৎপর হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখনও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেল একপ্রকার নির্বাচনী প্রচার।
এদিন মেয়র জানান, দেওয়াল লেখনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে খুব বেশি সময় লাগবে না। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবুও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন, “যেদিন দল প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম-সহ পোস্টার দেওয়া হবে। যদি দল আমাকে প্রার্থী করে, তবেই শহরের দেয়ালে আমার নাম-সহ পোস্টার লাগানো হবে।” প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে থাকলেও, দেওয়াল লিখন ঘিরে শহরের রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে।
