ট্রাফিক শৃঙ্খলায় জোর, ভারী যান নিষেধে স্বস্তি শহরবাসীর

দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে কড়া অবস্থান নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

 নাগরিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী ও মালবাহী যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।

নির্দেশিকায় ইস্টার্ন বাইপাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও হায়দরপাড়া, বাবুপাড়া, হাকিমপাড়া, দেশবন্ধুপাড়া, সুভাষপল্লী, পাঞ্জাবিপাড়া, অরবিন্দপল্লী, কাছারি রোড ও হিলকার্ট রোডে ভারী ও অতিভারী যান প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নতুন ট্রাফিক ব্যবস্থার বাস্তব প্রভাব খতিয়ে দেখতে এদিন সরেজমিনে শহর পরিদর্শনে বের হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিএসপি শামসুদ্দিন আহমেদ। শালুগাড়া থেকে ইস্টার্ন বাইপাস, ক্যানিং রোড, ফুলবাড়ি, কাওয়াখালি, শিবমন্দির, বাগডোগরা, চম্পাসারি, হিলকার্ট রোড, এসএফ রোড, বর্ধমান রোড হয়ে দার্জিলিং মোড় শহরের একাধিক ব্যস্ত এলাকা ঘুরে ট্রাফিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

এদিন দার্জিলিং মোড়ে চলমান রাস্তার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করার পাশাপাশি সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন ডিএসপি।

ট্রাফিক পুলিশের মতে, নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর শহরের গুরুত্বপূর্ণ অংশে যানজট অনেকটাই কমেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে বড় স্বস্তি এনে দিয়েছে পাশাপাশি দুর্ঘটনা ঝুঁকিও কমেছে।