শীত বিদায়ের মুখেও উত্তরবঙ্গে কুয়াশার রাজত্ব

উত্তরবঙ্গের আকাশে আবারও কুয়াশার দাপট। ভোর হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় শিলিগুড়ি ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা অনেকটাই কমে আসায় জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন অংশেও ঘন কুয়াশার প্রভাব পড়েছে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।

পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, আর সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ একাধিক জেলায় ভোর ও রাতের দিকে শীতের হালকা আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে আগামী কয়েকদিন।

সব মিলিয়ে শীত বিদায়ের মুখে দাঁড়িয়েও উত্তরবঙ্গে কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা ঠান্ডা – দুই মিলিয়ে রাজ্যে মরশুম বদলের আগমনী বার্তা।