মালদা থেকে মুর্শিদাবাদে জালনোট পাচার করতে এসে গ্রেফতার হল এক যুবক। অন্যদিকে, বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত করে রাখার আগেই পুলিশের জালে ধরা পড়ল আরও এক যুবক। বুধবার পৃথক দুই অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ।
জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, ধৃতের নাম আনিসুর শেখ। তাঁর বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়। প্রথম ঘটনায়, বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জালনোট সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, যার মোট মূল্য ৭৫ হাজার টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, জালনোটগুলি মুর্শিদাবাদ জেলায় পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। অন্যদিকে, বুধবার রাতে সামসেরগঞ্জ থানার হিজলতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামে এক যুবককে।
তাঁর বাড়ি সামসেরগঞ্জ থানার গামভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ২৪টি আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাজেয়াপ্ত মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু হয়েছে। তাঁদের জঙ্গীপুর আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তিনি আরও জানান, জালনোট পাচার ও চোরাই মোবাইল কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
