হাইটেনশন লাইনের সংস্পর্শে মৃ*ত পাঁচ শ্রমিক, ক্ষতিপূরণের ঘোষণা মন্ত্রীর

দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।

রবিবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল রাজ্য সরকার। রবিবার রাতেই দিনহাটা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন  মন্ত্রী উদয়ন গুহ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক নিহত শ্রমিকের নিকট আত্মীয়দের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার বিষয়েও সরকার সর্বতোভাবে চেষ্টা করবে বলে তিনি আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, “ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত খবর পৌঁছেছে। তাঁর নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই চাকরির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে।”

দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক শ্রমিকের শারীরিক অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করার প্রস্তুতি চলছে। জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট টু এলাকায় একটি বহুতল নির্মাণের সময় মিক্সার লিফট ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে এলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা।

ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিক প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।