রাজগঞ্জ এলাকায় চলতি মাসে একের পর এক পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই চারজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ব্লক জুড়ে।
শনিবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রের প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে রাজগঞ্জ ব্লক সহ শিলিগুড়ি এলকায়। পরিবারগুলির কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশেষ করে শনিবারের ঘটনায় তিন ছাত্রের অকাল মৃত্যু এলাকায় গভীর প্রভাব ফেলেছে।
এই পরিস্থিতিতে মৃতদের আত্মার শান্তি কামনা ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর প্রার্থনায় মহাযজ্ঞের আয়োজনের উদ্যোগ নিল রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলার পাতিলা ভাষা কালী মন্দির প্রাঙ্গণে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
বিধায়ক জানান, “এলাকায় পরপর দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকলের মঙ্গল কামনায় ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই প্রার্থনাতেই এই আয়োজন।”
