বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান। বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়িতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বনাধিকারিকরা। এবার বনমহোৎসব অনুষ্ঠানের স্লোগান হল ‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও’। এই স্লোগান তুলে লাটাগুড়িতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশন ও গরুমারা ডিভিশনের যৌথ উদ্দোগে লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া এলাকায় সুসজ্জিত এই শোভাযাত্রার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন ডিএফও দ্বিজপ্রতিম সেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের আরও বেশি করে জঙ্গল ভ্রমণে আসার বার্তা দেন তিনি।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বনদপ্তরের কর্মীদের ভাল কাজের স্বীকৃতি হিসেবে স্মারক সন্মান প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আগত সমস্ত অথিতিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য পরিবেশন করেন স্থানীয় বনবস্তির শিল্পীরা অনুষ্ঠানকে সুন্দর রূপ দেন।
