শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ঝমকলাল জোত গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেখান থেকেই পুলিশের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি মেজাজ হারান বলে অভিযোগ।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাংসদকে বলতে শোনা যায়, ‘আমার থেকে বড় গুন্ডা কেউ নেই’ ও ‘আমি জেলার গুন্ডা’। পাশাপাশি পুলিশকে ‘তৃণমূলের দালাল’ বলেও কটাক্ষ করেন বলে দাবি বিরোধীদের।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা সহ শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, “বিজেপি-র নেতারা ক্ষমতায় এসে নিজেদের কখনও ভগবান, কখনও শয়তান ভাবছেন। একজন সাংসদের মুখে ‘আমি জেলার গুন্ডা’ এই মন্তব্য গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।”
ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
