শেষ অবলম্বন থেকে প্রথম পছন্দ হয়ে উঠছে: কেন ভারতীয়দের একটি বৃহত্তর অংশ সোনা বন্ধক রাখছেন

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আজ জানিয়েছে যে, ভারতে স্বর্ণ ঋণ একটি কলঙ্কিত ও “শেষ অবলম্বন” ব্যবস্থা থেকে একটি পরিকল্পিত ঋণ বিকল্পে পরিণত হচ্ছে। ব্যাঙ্কটি আরও বলেছে, ঋণগ্রহীতারা বন্ধকী এবং জামানতবিহীন ঋণের তুলনায় ঝামেলাহীন, দ্রুত এবং কম খরচে ঋণ পাওয়ার জন্য ক্রমবর্ধমানভাবে তাদের অব্যবহৃত পৈতৃক গহনা বন্ধক রাখছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রেসিডেন্ট এবং গোল্ড লোন বিভাগের প্রধান শ্রীপদ ​​যাদব বলেছেন, “এটি একটি সুস্পষ্ট আচরণগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। স্বর্ণ ঋণ এখন আর শুধু আর্থিক সংকটের জন্য নয়। স্থিতিশীল আয় ও সম্পদসম্পন্ন গ্রাহকরা সঠিক সময়ে সুযোগ কাজে লাগানোর জন্য ঋণ পেতে সাময়িকভাবে সোনা বন্ধক রাখছেন। এটি স্বল্পমেয়াদী চাহিদা মেটানোর একটি সুশৃঙ্খল উপায় হিসাবে চিহ্নিত হয়েছে।”

সোনার মূল্যের তীব্র বৃদ্ধির ফলে পারিবারিক স্বর্ণালঙ্কারের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিবারগুলোকে স্বর্ণ ঋণের মাধ্যমে স্বল্প ও মধ্যমেয়াদী আর্থিক চাহিদা মেটাতে এবং উদীয়মান ও সময়োপযোগী সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম করছে। যাদব আরও বলেছেন, “এই আচরণটি খুচরা ঋণগ্রহীতাদের মধ্যে দেখা যাচ্ছে, যা ব্যাপক সুবিধাজনক ঋণ প্রবণতাকেই প্রতিফলিত করে, কারণ স্বর্ণ ঋণের জন্য ন্যূনতম নথিপত্রের প্রয়োজন হয়।” কোটাক উল্লেখ করেছে যে, স্বর্ণ ঋণের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় এর গ্রাহকদের পরিধিও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। যে পণ্যটি একসময় সমাজের একটি সীমিত অংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন আরও ব্যাপকভাবে গৃহীত হয়েছে। বেতনভোগী পেশাজীবী, উদ্যোক্তা এবং উচ্চবিত্ত ব্যক্তিরা (এইচএনআই) ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা, সম্পত্তি বিনিয়োগ এবং অন্যান্য প্রয়োজনে দ্রুততা, নমনীয়তা, সুবিধা এবং সাশ্রয়ী ঋণের জন্য ক্রমবর্ধমানভাবে স্বর্ণ ঋণ গ্রহণ করছেন।

যাদব বলেছেন, “স্বর্ণ ঋণের ক্ষেএে খরচ এবং সময়ের সুবিধা সুস্পষ্ট। স্বর্ণ ঋণের সুদের হার সাধারণত জামানতবিহীন ঋণের চেয়ে কম থাকে, অনুমোদন দ্রুত হয় এবং পরিশোধের ক্ষেত্রেও নমনীয়তা থাকে। কোনো পরিকল্পিত ব্যবহারের ক্ষেত্রে, এটি নিঃসন্দেহে একটি অত্যাধুনিক মাধ্যম। গ্রাহকরা গয়না বন্ধক রাখেন, ব্যবহার করেন, পরিশোধ করেন—এবং নিজেদের গয়না ফেরত নিয়ে যান।”