ভোটের প্রাক্কালে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের চান্দাহার গ্রামে। গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী তাদের পুরনো দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে।
যদিও এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ দাবী করেন, যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস করতেন। কিন্তু সেই দল করে তারা গ্রামের কোন উন্নয়ন করতে পারেন নি। তাই উন্নয়নের জন্য বিজেপির সরকার গঠন করতে তারা বিজেপিতে যোগদান করলেন। যদিও বিজেপি প্রার্থীর এই দাবী মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের বক্তব্য, বিজেপি প্রার্থীর নিজের পায়ের তলায় মাটি নেই। তাই এই ধরনের মিথ্যা কথা বলে নিজের পালে হাওয়া টানতে চাইছেন। কিন্তু এতে লাভ হবেনা। মানুষ তৃণমূলের উন্নয়নের পক্ষেই থাকবেন।
