মঞ্চ-মাইক, বড় বড় সভা নয় একেবারে সাধারণ মানুষের ভিড়েই নিজের প্রচারকে ভিন্ন মাত্রা দিলেন সিপিআই(এম) প্রার্থী আনোয়ারুল হক। চাঁচল বিধানসভা এলাকায় জনসংযোগে নেমে তিনি তুলে ধরলেন এক অন্যরকম রাজনৈতিক ছবি।
বড়ই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি। মানুষের দোরগোড়ায় দাঁড়িয়ে শোনেন তাঁদের অভাব- অভিযোগ ও স্থানীয় সমস্যার কথা।
তবে রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রচারে ছিল একেবারে ভিন্ন চিত্র। রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে ঘুগনি- মুড়ির আড্ডায় মেতে ওঠেন তিনি। কোনও আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের মতো সেই মুহূর্ত তৈরি করে আলাদা এক ঘনিষ্ঠতা।
এরই মাঝে মাঠে ক্রিকেট খেলতে থাকা যুবকদের সঙ্গে হঠাৎই যোগ দেন আনোয়ারুল হক। হাতে ব্যাট তুলে নিয়ে খেলায় অংশ নেন তিনি, যা উপস্থিতদের মধ্যে উৎসাহ ও কৌতূহল বাড়ায়।
এদিন বড়ই গ্রাম পঞ্চায়েতের নিহার এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে বলেন, “মানুষ পরিবর্তন চায়। আজ মাঠে ছক্কা মেরেছি, ভোটের মাঠেও মানুষের সমর্থনে ছক্কা মারব।”
সব মিলিয়ে, চেনা রাজনৈতিক ছক ভেঙে একেবারে মাটির কাছাকাছি থেকে প্রচার চালিয়ে নজর কেড়েছেন সিপিএম প্রার্থী।
