দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্যবাহী রেস্তরাঁ ও পানশালা ‘গ্লেনারিজ’-কে সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ জারি করল রাজ্য প্রশাসন। উপযুক্ত অনুমতি ও প্রয়োজনীয় নথি ছাড়াই পানশালা চালানোর অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দিল আবগারি দফতর।
সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই গ্লেনারিজ-এর বিরুদ্ধে নানান বেআইনি কার্যকলাপ ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ উঠছিল। আবগারি দফতর সেই অভিযোগ খতিয়ে দেখে দেখে নির্দিষ্ট নথিপত্রের অভাব ও নিয়মভঙ্গের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে বৈধ অনুমতি ছাড়াই পানশালা পরিচালনার অভিযোগ উঠেছে। এর আগে দিন দুয়েক আগে, একটি নবনির্মিত সেতুর সামনে ‘গোর্খাল্যান্ড’ লিখে উদ্বোধন করে অবৈধ নির্মাণ ও বেনিয়মের অভিযোগে তীব্র বিতর্কে জড়ান তিনি।
প্রশাসনিক সূত্রের দাবি, নিয়ম বহির্ভূত কাজের ধারাবাহিকতা ও লাইসেন্স সংক্রান্ত গরমিলের কারণেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত তিন মাস বন্ধ থাকবে পানশালা, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি ও নিয়ম মেনে পুনরায় আবেদন করতে হবে কর্তৃপক্ষকে।
