বিজেপি প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, উ*ত্তপ্ত চিলকিরহাট

নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের সাধারণ মানুষের বিক্ষোভ ও কালো পতাকার মুখে পড়তে হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে। শুক্রবার চিলকিরহাট এলাকায় প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন ও কালো পতাকা প্রদর্শন করেন।

উল্লেখ্য, কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই রথীন্দ্রনাথ বোসকে একাধিকবার নির্বাচনী প্রচারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুক্রবারও তার ব্যতিক্রম ঘটেনি। এদিন এলাকায় পৌঁছতেই মহিলা-সহ বহু স্থানীয় বাসিন্দা ক্ষোভ উগরে দেন।

বিক্ষোভের জবাবে বিজেপি কর্মীরাও পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে জিতিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর বিজেপি বিধায়ক আর এলাকায় ফিরে আসেননি। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলেও অভিযোগ তোলেন তারা। এই ক্ষোভ থেকেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়েছেন এলাকাবাসী।