রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। শিয়ালদহ থেকে বারাণসীর মধ্যে রেল যোগাযোগে শুরু হল এক নতুন অধ্যায়। গতকাল, অর্থাৎ শনিবার শিয়ালদহ স্টেশন থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস।
ট্রেন নম্বর ২২৫৮৭-এর এই যাত্রার মাধ্যমে প্রথমবার অমৃত ভারত শ্রেণির কোনও ট্রেন সরাসরি যুক্ত করল দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী শিয়ালদহ ও বারাণসীকে। রেলের তরফে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত যাত্রী পরিষেবার সংমিশ্রণে এই ট্রেন যাত্রীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। দুই প্রান্তে ইঞ্জিন সংযোজন এই ট্রেনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
ফলে ট্রেন আরও দ্রুতগামী হওয়ার পাশাপাশি যাত্রা হয়েছে মসৃণ ও ঝাঁকুনিমুক্ত। আধুনিক রেল প্রযুক্তির ক্ষেত্রে এই ট্রেনকে এক নতুন দিশা হিসেবেই দেখা হচ্ছে। জানা গিয়েছে, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (২২৫৮৭) প্রতি সপ্তাহে তিন দিন, অর্থাৎ শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা করবে।
