মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা—জঙ্গিপুর, বহরমপুর এবং বারাসাতের জন্য নির্বাচনী কোর কমিটির ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণাতেই বাড়তি দায়িত্ব পেলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশন-কাণ্ডে নাম জড়িয়ে কারাবাসের পর সম্প্রতি জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি দলের অন্দরে ‘বালু’ নামেই পরিচিত। মুক্তির পর থেকেই সংগঠনের কাজে সক্রিয় ছিলেন তিনি। এবার ছাব্বিশের ভোট প্রস্তুতিকে সামনে রেখে বারাসাত সাংগঠনিক জেলার নির্বাচনী কোর কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
বারাসাতের এই কোর কমিটিতে মোট ১৬ জন সদস্য রয়েছেন। আহ্বায়কের দায়িত্বে রয়েছেন রথীন ঘোষ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সদস্যদের তালিকায় রয়েছে কাকলি ঘোষ দস্তিদার এবং সুজিত বসুর মতো গুরুত্বপূর্ণ নামও।
