ঝাড়গ্রামে সীমান্তে বেআইনি বালি পাচার রুখতে দুই ট্রাক্টর আটক

সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সেই অভিযানে ভিনরাজ্য ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে।

ঘটনাটি জামবনি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। তল্লাশিতে ট্রাক্টর দু’টির কাছে বালি তোলার কোনও বৈধ অনুমতিপত্র (সিও) পাওয়া যায়নি। এরপর গাড়ি বাজেয়াপ্ত করে দুই চালক—আদিত্য নায়েক ও রুপেন বেহারাকে গ্রেফতার করা হয়।

তাঁদের বাড়ি ঝাড়খন্ডের বহড়াগোড়া থানার অন্তর্গত মধুয়াবেড়া গ্রামে। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।