নির্বাচনের আগে জোরদার টহল ও রুট মার্চ

নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহল। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সক্রিয়ভাবে টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মালদা থানার পুলিশ আধিকারিকরাও।

প্রশাসন সূত্রে খবর, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধভাবে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই এই টহলের মূল উদ্দেশ্য।

এদিন পুরাতন মালদার একাধিক ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নজরে পড়ে। জওয়ানরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের রুট মার্চ ও টহল অব্যাহত থাকবে, যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়।