বহুদিনের দাবির অবসান ঘটিয়ে অবশেষে পান্জিপাড়া রেলওয়ে স্টেশনে নিউ জলপাইগুড়ি – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ চালু হল।
শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই স্টপেজ কার্যকর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়।
এদিন স্টেশনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেতা গোলাম সরোবর সহ দলের কর্মী-সমর্থক সহ বহু স্থানীয় বাসিন্দা। ট্রেনটি স্টেশনে পৌঁছালে ড্রাইভারকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ মুহূর্ত।
এলাকার বিজেপি নেতৃত্ব গোলাম সরোবর বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি ছিল পান্জিপাড়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ। আজ তা বাস্তবায়িত হওয়ায় মানুষ অত্যন্ত খুশি।”
সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, গোয়ালপোখর বিধানসভা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। তবে এখনও প্ল্যাটফর্ম সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেগুলি সমাধান হলে ভবিষ্যতে আরও ট্রেনের স্টপেজের সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশাবাদী।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই স্টপেজ চালু হওয়ায় ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে ও এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
