আ*গ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার কার্তিক রায়, স্বস্তিতে শিলিগুড়ির শান্তিপাড়া

একসময় জীবিকা নির্বাহ করতো টোটো চালিয়ে, আর এখন অভিযোগ গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার এই রূপান্তরের গল্পেই সামনে এল শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা কার্তিক রায়ের নাম। আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কার্তিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই সে সঙ্গে রেখেছিল।

তদন্তে উঠে এসেছে, কার্তিকের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। চুরি ও ডাকাতির মতো ঘটনায় তার নাম জড়িয়েছে বলে দাবি পুলিশের। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত রয়েছে।

স্থানীয়দের বক্তব্য, ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে কার্তিক। তার দাপটে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল। গ্রেপ্তারের পর পুলিশ এখন খতিয়ে দেখছে, এই অস্ত্র কোথা থেকে এল ও এর সঙ্গে আর কারা জড়িত। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির হাওয়া বইলেও, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ।