তৃণমূল ছেড়ে কংগ্রেসে খোকন মিয়া, যোগদানের মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন নেতা

সংখ্যালঘু প্রার্থী না থাকার ইস্যুতে কোচবিহারে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিনের দলীয় নেতা খোকন মিয়া শনিবার দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। জানা গিয়েছে, খোকন মিয়া তৃণমূল কংগ্রেসের মুটিয়া মজদুর ইউনিয়নের জেলা সভাপতি ছিলেন। এদিন তিনি শুধু সেই পদ থেকেই ইস্তফা দেননি, বরং সরাসরি দলবদল করে কংগ্রেসে নাম লেখান।

শনিবার দুপুরে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। যোগদানের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। দল ছাড়ার সময় খোকন মিয়া প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে তিনি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে “হিটলারি মনোভাব”-এর অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোকন মিয়া জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়তে পারেন বলেও ইঙ্গিত দেন। রাজনৈতিক মহলের মতে, এই দলবদল কোচবিহারের নির্বাচনী সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে।