দলের শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা। প্রায় তিন হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে জমকালো মিছিল করে জলপাইগুড়ি ১৭ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস।
বৃহস্পতিবার দলীয় পতাকা, ব্যানার ও ঢাক-ঢোলের তালে তালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা একত্রিত হতে শুরু করেন। এরপর বিশাল শোভাযাত্রা আকারে তারা জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। গোটা এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।
মনোনয়ন জমা দেওয়ার পর কৃষ্ণ দাস জানান, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আসল শক্তি। উন্নয়নের ধারা বজায় রাখতে এবারও মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।”
অন্যদিকে, এই বিশাল জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া নজরদারি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
