শিক্ষা যে শুধুই শ্রেণিকক্ষ আর পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয় সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল। পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর লক্ষ্যে মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস ফাইভের প্রায় ১৫০ জন ছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য ছিল বেঙ্গল সাফারি পার্ক। প্রকৃতি ও বন্যপ্রাণের সঙ্গে সরাসরি পরিচয়ের মাধ্যমে পড়ুয়াদের শেখার পরিধি বাড়ানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
সবুজ পরিবেশে পশু-পাখির জীবনযাপন, খাদ্যাভ্যাস ও জীবনচক্র সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায় ছাত্রীরা। এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত থেকে ছাত্রীদের শুভেচ্ছা ও উৎসাহ জানান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন অভিজ্ঞতা শিশুদের মানসিক ও জ্ঞানগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুলের প্রধান শিক্ষিকা মিতা ঘোষ জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই শিশুরা সবচেয়ে ভালো শেখে।
সেই লক্ষ্যেই বেঙ্গল সাফারি পার্কে এই শিক্ষামূলক সফরের আয়োজন। এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাঁদের মতে, পড়াশোনার সঙ্গে এমন বাস্তবভিত্তিক শিক্ষা শিশুদের শেখার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে ও তাদের সার্বিক বিকাশে সহায়ক হবে।
