শিলিগুড়িতে বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ওরফে জয়কে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন একটি নির্বাচনী লিফলেটের উদ্বোধন করা হয়। বাম নেতৃত্ব জানায়, আগামী দিনে প্রচারে বেরিয়ে এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে। লিফলেটে বাম আমলে শিলিগুড়িতে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, বামফ্রন্ট ক্ষমতায় না থাকার পর শহরের উন্নয়নের গতি থমকে গেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপি ভয় সৃষ্টি করে ভোট করাতে চাইছে। তারা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা করছে।
আমরা এটা কোনওভাবেই মেনে নেব না। এর তীব্র বিরোধিতা করছি। বিজেপি গত নির্বাচনেও গোর্খাল্যান্ড ও গ্রেটার কোচবিহারের ইস্যু তুলেছিল। এবার আবার সেই চেষ্টা শুরু হয়েছে। এভাবে প্রতিবার ভোট জেতা যায় না। একবার হয়েছে, বারবার হবে না।”তিনি আরও বলেন, “বাম আমলে শিলিগুড়ি অগ্রাধিকার পেত। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে শহরের দাবিদাওয়া তুলে ধরতাম। কিন্তু এখন সেই সুযোগ নেই। আমরা চাই রাজ্য ও কেন্দ্র—দুই সরকারই শহরকে সহযোগিতা করুক। তাই আমাদের প্রার্থী জিতলে আবার শিলিগুড়ির উন্নয়নের বিষয়টি জোরালোভাবে তোলা হবে।”
অন্যদিকে, এবার বামেরা ‘জেন জি’ ভোটারদের লক্ষ্য করে প্রচার শুরু করেছে। এ বিষয়ে প্রার্থী শরদিন্দু চক্রবর্তী বলেন, “আমরা বহুবার তরুণ ভোটারদের সঙ্গে দেখা করেছি এবং কথা বলেছি। অনেকেই জানিয়েছেন তারা বামেদের সঙ্গে রয়েছে। আমি আশাবাদী, তাদের সমর্থন আমরা পাব।”
