ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আজ তাদের নতুন ফান্ড অফারিং ‘অ্যাক্সিস বিএসই ইন্ডিয়া সেক্টর লিডারস ইনডেক্স ফান্ড’ চালু করার কথা ঘোষণা করেছে। এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ফান্ড, যা বিএসই ইন্ডিয়া সেক্টর লিডারস ইনডেক্সের অন্তর্ভুক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে। এই এনএফও আগামী ২৩ জানুয়ারি, ২০২৬ থেকে সাবস্ক্রিপশনের জন্য খুলবে এবং ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বন্ধ হবে। ফান্ডটি পরিচালনা করবেন ফান্ড ম্যানেজার কার্তিক কুমার। মাত্র ১০০ টাকা থেকে এই ফান্ডে বিনিয়োগ শুরু করা যাবে।
এই ফান্ডটি বিএসই ৫০০ ইনডেক্সের অন্তর্ভুক্ত ২১টি খাতের প্রতিটির শীর্ষ তিনটি কোম্পানিকে নিয়ে গঠিত। এর ফলে বিনিয়োগকারীরা ভারতের অর্থনীতির বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত বাজারের লিডিং কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই ফান্ডটিতে ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আইটি, ইন্ডাস্ট্রিয়াল, এফএমসিজি এবং হেলথকেয়ারের মতো ২১টি বিভিন্ন খাতের শীর্ষ কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। পোর্টফোলিওতে প্রতিটি স্টকের ওজন সর্বনিম্ন ১% এবং সর্বোচ্চ ৫% রাখা হয়েছে, যা ত্রৈমাসিক ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে।
এতে লার্জ, মিড এবং স্মল ক্যাপ, সব ধরণের কোম্পানির উপস্থিতি থাকবে, যা ঝুঁকি কমাতে সাহায্য করবে। অ্যাক্সিস এএমসি-র এমডি এবং সিইও বি. গোপকুমার বলেন, “আমরা বিশ্বাস করি যারা নিজ নিজ ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে চলেছে, সেই কোম্পানিগুলোর ভিত্তি অত্যন্ত শক্তিশালী হয়। এই ফান্ডটি বিনিয়োগকারীদের ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিতে অংশগ্রহণের একটি সুশৃঙ্খল সুযোগ দেবে।” চিফ ইনভেস্টমেন্ট অফিসার আশিস গুপ্ত জানান, একটি স্বচ্ছ এবং নিয়ম-ভিত্তিক প্যাসিভ ইনভেস্টমেন্ট কৌশলের মাধ্যমে এই ফান্ডটি তৈরি করা হয়েছে যাতে বিনিয়োগকারীরা বাজারের সেরা কোম্পানিগুলোর সুবিধা পেতে পারেন।
