দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ইন্দিরা মোড় থেকে বারোদুয়ারি মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনের পর অবশেষে আশার আলো দেখল এলাকাবাসী ও ব্যবসায়ীরা।শনিবার ওই রাস্তা সংস্কারের শিলান্যাস করা হয়।পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক দফতরের অধীনে প্রায় ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২.৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাম্মু রহমান,সম্পাদক মঙ্গলুদ্দীন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সভাপতি মোশারফ হোসেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেড়িয়া, সভাপতি ডাব্লিউ রজক, যুবনেতা সঞ্জীব গুপ্তা, দুর্জয় দাস-সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য,রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজ শুরু না হওয়ায় সম্প্রতি হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।সেই আন্দোলনের পরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এদিন শিলান্যাসের খবরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের আশা, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ও মানসম্মতভাবে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ হবে। এলাকার বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেন বলেন,দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমরা আগেই আশ্বাস দিয়েছিলাম যে কাজ হবে। কিছুটা সময় লেগেছে ঠিকই, তবে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ করে চলেছে।
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেড়িয়া বলেন,একাধিকবার প্রশাসনকে জানিয়েও যখন কাজ শুরু হয়নি, তখন আমরা বাধ্য হয়ে বিক্ষোভে নামি। আজ রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সবাই এই রাস্তা ব্যবহার করেন। এই রাস্তা সংস্কার হলে সকলেই উপকৃত হব।
