রোজকার ব্যস্ততার দিনে চাই চটজলদি রান্না। বাড়িতে চিংড়ি থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন সহজ রান্না ‘প্রন থক্কু’। যার সঙ্গে সাদা ভাতও যেমন তৃপ্তি করে খাওয়া যাবে, তেমনই বাড়িতে অতিথির প্রবেশ ঘটলে, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন এই রান্না। রইল প্রণালী।
কী কী লাগবে
চাপড়া চিংড়ি ৫০০ গ্রাম
হলুদগুঁড়ো ১ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কারগুঁড়ো ১ টেবল চামচ
ধনেগুঁড়ো ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা ২টি
মেথি দানা আধ চা চামচ
কালো সর্ষে আধ চা চামচ
কারিপাতা ৫-৭টি
চেরা কাঁচালঙ্কা ৩-৪টি
মৌরি আধ চা চামচ
মিহি করে কাটা পেঁয়াজ কুচি ২ কাপ
রসুনবাটা ১ টেবিল চামচ
আদাবাটা আধ টেবিল চামচ
টম্যাটোকুচি ১ কাপ
তেঁতুলের ক্বাথ ১ টেবিল চামচ
ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
সাদা তেল পরিমাণ মতো
নুন স্বাদমতো
কীভাবে বানাবেন
প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে তাতে নুন, হলুদগুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে মেথি দানা, সর্ষে, মৌরি ও শুকনো লঙ্কা দিয়ে ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ ঢেলে লাল করে ভেজে নিন। কড়াইয়ে যোগ করুন কারিপাতা ও কাঁচা লঙ্কা। তার সঙ্গে টম্যাটো কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তাতে সব শুকনো মশলা যোগ করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত নাড়ুন। মশলা কষানো হয়ে গেলে তেঁতুলের ক্বাথ ঢেলে দিন। এবার মাখানো চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে ঢেকে দিন। আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই চিংড়ি ডিশ।
