গৌতমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মহানন্দ

একসময়ের তীব্র রাজনৈতিক সংঘাত আজ ইতিহাসের পাতায়। রামঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণকে কেন্দ্র করে ২০১৪ সালে যে বিতর্ক রাজ্য রাজনীতিতে শিরোনাম দখল করেছিল, সেই গৌতম দেব ও মহানন্দ মণ্ডলের সম্পর্কেই এদিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি।

রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মহানন্দ মণ্ডল।

একসময়ের রাজনৈতিক প্রতিপক্ষ আজ একই মঞ্চে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন মহানন্দ মণ্ডল শুধু এককভাবে যোগদান করেননি, নির্বাচনের আগে তাঁর সঙ্গে প্রায় ১০৭টি মহিলা পরিবার ও শতাধিক যুবক তৃণমূল কংগ্রেসে সামিল হন। এতে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব।

উল্লেখ্য, গত সপ্তাহেই বিজেপি ছাড়ার ঘোষণা করেছিলেন মহানন্দ মণ্ডল। তিনি বিজেপির বস্তি উন্নয়ন সেলের রাজ্য কো কনভেনার পদেও ছিলেন। দলত্যাগের পরই তাঁর এই যোগদান রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের স্বার্থেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখছেন। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে শিলিগুড়ির রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।