মাছেভাতে বাঙালির ছিমছাম সাদামাটা একটি পছন্দের পদ হল মাছের ঝোল। তাজা সব্জি আর টাটকা মাছের সঙ্গে আদা-জিরে দিয়ে এই রান্না তৃপ্তি জোগায়। তবে চেনা রান্নায় একটু বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন মেথি-মৌরি দিয়ে মাছের ঝোল। এই বসন্তের মরসুমে স্বাদ বদলের পাশাপাশি পেটও ঠান্ডা রাখবে এই রান্না। চারা, কাতলা, রুই – যে কোনও টাটকা মাছই বেছে নিতে পারেন।
কী কী লাগবে
বড় পিস মাছ ৪ টি
টুকরো করে কাটা বড় আলু ১ টি
অর্ধেক করে কাটা পটল ৩-৪ টি
মেথি আধ চা চামচ
মৌরি বাটা ১ চা-চামচ
আদা বাটা ১ চা-চামচ
১টি টম্যাটো বাটা
হলুদগুঁড়ো ১ চা-চামচ
কাঁচালঙ্কা ৫-৬টি
কসৌরি মেথি আধ চা-চামচ
নুন স্বাদমতো
সর্ষের তেল পরিমাণমতো
কীভাবে বানাবেন
কড়াইয়ে তেল দিয়ে আলু এবংপটল নুন-হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখুন। একই তেলে ভেজে নিন নুন-হলুদ মাখানো মাছও।
এবার কড়াইয়ে তেল গরম করে মেথি দানা ফোঁড়ন দিন। মেথির সুবাস ছড়াতে শুরু করলে মৌরি আদা বাটা দিয়ে দিন। হালকা নাড়াচাড়া করে টম্যাটো যোগ করুন। নুন-হলুদ মিশিয়ে ওতে ভেজে রাখা আলু,পটল যোগ করুন। একটু কষিয়ে নিয়ে গরম জল ঢেলে আঁচ কমিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে এলে মাছ আর চেরা কাঁচালঙ্কা দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে সবশেষে যোগ করুন কসৌরি মেথি। স্বাদ দ্বিগুণ করতে ঝোলে বড়িও দিতে পারেন।
গরম ভাতের সঙ্গে জমে যাবে এই রান্না।
