ডাবগ্রাম-ফুলবাড়ীতে মমতার জনসভা, রঞ্জন শীল শর্মার সমর্থনে শক্তি প্রদর্শন

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই জাবরাভিটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে আয়োজিত এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো, যা এলাকায় শাসকদলের সংগঠন শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডাবগ্রাম-ফুলবাড়ীর উন্নয়নের জন্য রঞ্জন শীল শর্মাকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিরোধীদের সমালোচনাও শোনা যায় তাঁর বক্তব্যে। এই জনসভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব, জলপাইগুড়ি জেলার প্রার্থী কৃষ্ণ দাস, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার সহ একাধিক নেতা-নেত্রী।

এছাড়াও মঞ্চে ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার দলীয় কর্মী-সমর্থকেরা। সব মিলিয়ে, এই জনসভা ঘিরে ডাবগ্রাম-ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তৃণমূলের এই শক্তি প্রদর্শন ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।