কোচবিহারে ‘অন্বেষণা’ উদ্যোগ নিয়ে এল মণিপাল হসপিটাল রাঙাপানি, বাড়ির কাছেই উন্নত ক্যান্সার চিকিৎসার বার্তা

উত্তরবঙ্গে সহজলভ্য ও উন্নত ক্যান্সার চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও দৃঢ় করতে মণিপাল হসপিটাল রাঙাপানি, মণিপাল হসপিটালস গ্রুপের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘অন্বেষণা – মেডিক্যাল এডুকেশন ফর মিডিয়া’ কোচবিহারে আয়োজন করল। এই ইন্টারঅ্যাকটিভ সেশনে ক্যান্সারের বাড়তে থাকা প্রভাব, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে—এই অঞ্চলের মধ্যেই বিশ্বমানের চিকিৎসা পাওয়ার সুযোগ—এই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে রোগীদের আর মহানগরে যেতে না হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, ক্যান্সারের সংখ্যা ক্রমশ বাড়ছে। সচেতনতার অভাব এবং দেরিতে রোগ নির্ণয় এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অন্বেষণা উদ্যোগের মাধ্যমে মণিপাল হসপিটাল এই ব্যবধান দূর করতে চায়—সহজবোধ্য ও নির্ভুল চিকিৎসা সংক্রান্ত তথ্যের মাধ্যমে সাধারণ মানুষ এবং গণমাধ্যমকে সচেতন করে, যাতে সময়মতো চিকিৎসা শুরু করে ভালো ফলাফল নিশ্চিত করা যায়।

এই সেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনকোলজি বিশেষজ্ঞ ডা. অনির্বাণ নাগ, কনসালট্যান্ট – সার্জিক্যাল অনকোলজি এবং ডা. অর্কপ্রভ হালদার, কনসালট্যান্ট – মেডিক্যাল অনকোলজি, মণিপাল হসপিটাল রাঙাপানি। তাঁরা ক্যান্সার নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করেন, সতর্কতামূলক লক্ষণগুলি তুলে ধরেন এবং স্থানীয় স্তরে উপলব্ধ আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান। বর্তমানে রাঙাপানিতে সম্পূর্ণ সজ্জিত কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের মাধ্যমে কোচবিহার ও আশপাশের এলাকার রোগীরা কেমোথেরাপি, উন্নত রেডিয়েশন থেরাপি এবং জটিল ক্যান্সার সার্জারি সহ সম্পূর্ণ অনকোলজি পরিষেবা পেতে পারেন—তা-ও উত্তরবঙ্গ ছাড়াই। আধুনিক পরিকাঠামো, মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতি এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রোগীরা এখন বাড়ির কাছেই মেট্রো শহরের সমমানের চিকিৎসা পাচ্ছেন, ফলে পরিবারের আর্থিক ও মানসিক চাপ অনেকটাই কমছে।

প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে ডা. অনির্বাণ নাগ বলেন, “কোচবিহারের মতো জেলায় আমরা প্রায়ই দেখি রোগীরা দেরিতে চিকিৎসার জন্য আসেন। অথচ ক্যান্সার যদি প্রথম দিকে ধরা পড়ে, তাহলে অনেক ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা সম্ভব। অন্বেষণার মাধ্যমে আমরা প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই এবং রোগীদের আশ্বস্ত করতে চাই যে উন্নত সার্জিক্যাল অনকোলজি চিকিৎসা এখন এই অঞ্চলের মধ্যেই পাওয়া যাচ্ছে, তাই দূরে যাওয়ার প্রয়োজন নেই।” সমগ্র ও ধারাবাহিক চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. অর্কপ্রভ হালদার বলেন, “ক্যান্সারের চিকিৎসা এক ধাপের নয়—প্রতিটি রোগীর জন্য আলাদা করে পরিকল্পিত একাধিক থেরাপির প্রয়োজন হয়। রাঙাপানিতে আমরা এক ছাদের নিচে ডায়াগনোসিস থেকে কেমোথেরাপি এবং সাপোর্টিভ কেয়ারসহ সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা দিচ্ছি। রোগীদের বোঝা জরুরি যে এখন উত্তরবঙ্গেই উন্নতমানের পূর্ণাঙ্গ চিকিৎসা পাওয়া সম্ভব, বড় শহরে যাওয়ার চাপ ছাড়াই।”