পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। আজ মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন আপার বাগডোগরা মণ্ডলের সেন্ট্রাল বস্তি এলাকায় এক নিবিড় জন সংযোগ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেন্ট্রাল বস্তি এলাকায় ঘোরেন আনন্দময় বর্মন।
তিনি প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের আশীর্বাদ চেয়ে তিনি আগামী নির্বাচনে বিজেপিকে জয়ী করার আবেদন জানান। জন সংযোগ চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ এবং স্থানীয় বিধায়ক হিসেবে গত কয়েক বছরে এলাকার উন্নতির খতিয়ান তুলে ধরেন আনন্দময় বর্মন।
তাঁর সঙ্গে ছিলেন মণ্ডলের অন্যান্য নেতৃত্ব ও কয়েকশো সমর্থক। আগামী ২৩শে এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ। বর্তমান বিধায়ক আনন্দময় বর্মন নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। তিনি জানান, এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের লক্ষ্যে আবারও পদ্ম ফুটিয়ে বিজেপিকে জয়ী করবে।
