রাজনীতির ভেদরেখা ভুলে মহাশিবরাত্রির পবিত্র আবহে একসঙ্গে দেখা গেল শিলিগুড়ির দুই শীর্ষ জনপ্রতিনিধিকে। রবিবার সন্ধ্যায় শহরের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত শিবরাত্রি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
দীর্ঘ পথ পায়ে হেঁটে শোভাযাত্রায় পরিক্রমা করেন দুই জনপ্রতিনিধি। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও উৎসবের আবহে সামিল হন।
তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শোভাযাত্রায় যোগ দেন।
ঢাক-ঢোল, আলোকসজ্জা ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শিবভক্তদের উপস্থিতিতে ৫ নম্বর ওয়ার্ড যেন এক উৎসবমুখর মেলায় পরিণত হয়।
রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের দুই নেতা একই শোভাযাত্রায় অংশ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মত স্থানীয়দের। ধর্মীয় উৎসব যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে, এদিনের উপস্থিতি যেন সেই বার্তাকেই আরও জোরালো করেছে।
শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মেয়র ও বিধায়ক।
প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফলে শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান।
শহরবাসীর কথায়, রাজনীতির ঊর্ধ্বে উঠে এভাবে একসঙ্গে অংশগ্রহণ ভবিষ্যতেও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।
