মৌলিক পরিষেবা ঘিরে শিলিগুড়িতে প্রশ্নের মুখে মেয়র

নির্বাচনের মুখে শিলিগুড়িতে এবার বড় ইস্যু হয়ে উঠছে মৌলিক পরিষেবা। প্রচারের মঞ্চ ছেড়ে সরাসরি জনতার মুখে উঠে এল পানীয় জল ও ফুটপাতের মতো দৈনন্দিন সমস্যার কথা। তরাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় গৃহবধূদের একাংশ সরাসরি প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব-এর সামনে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সঙ্কট চলছে। পাশাপাশি নিরাপদ ফুটপাতের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচনের সময় সেই জমে থাকা কথা সামনে নিয়ে আসেন মহিলারা। যদিও জবাবে গৌতম দেব উন্নয়নের খতিয়ান তুলে ধরার কথা বলেন ও তাঁর করা কাজের মূল্যায়নের পর সমালোচনার আহ্বান জানান। ভোটের মানুষের আসল চাহিদাই কি এবার নির্ধারণ করবে ফলাফল?

এদিকে, বিজেপি প্রার্থী শংকর ঘোষ এই ইস্যুকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করেছেন। তাঁর দাবি, মৌলিক পরিষেবা দিতে ব্যর্থ প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভই এখন রাস্তায় বেরিয়ে আসছে।