প্রকাশিত হবে মেধা তালিকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। প্রকাশ হতে চলেছে বহু প্রতীক্ষিত মেধা তালিকা।

এই তালিকার উপরেই নির্ভর করছে পরবর্তী কাউন্সেলিং ও নিয়োগের ভবিষ্যৎ। কমিশন সূত্রে খবর, যে মেধা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় প্রায় ১৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর নাম থাকতে পারে। এর মধ্যে শেষ পর্যন্ত প্রায় ১২ হাজারের মতো শিক্ষক নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। কাউন্সেলিংয়ের পরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

প্রাথমিকভাবে মেরিট লিস্টে থাকা কিছু প্রার্থী সরাসরি নির্বাচিত হবেন, বাকিদের রাখা হবে ওয়েটিং লিস্টে। এরপর ধাপে ধাপে সিট ফিল আপ প্রক্রিয়া চলবে। এই সময় শিক্ষকরা স্কুল পছন্দ করার সুযোগও পাবেন। সবশেষে এসএসসি সুপারিশপত্র ইস্যু করবে এবং তার ভিত্তিতেই মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে।