আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে দার্জিলিং জেলা সিপিএমের গুরুত্বপূর্ণ জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি পৌঁছান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর উপস্থিতিতেই শিলিগুড়ির সিপিএম দপ্তর অনিল বিশ্বাস ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে জেলা সংগঠনের বর্তমান অবস্থা, বুথভিত্তিক প্রস্তুতি, জনসংযোগ কর্মসূচি সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিশেষ করে পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে আগামী দিনের রণকৌশল নির্ধারণে জোর দেওয়া হবে।
যুব ও ছাত্র সংগঠনের সক্রিয়তা বাড়ানো, গণসংগঠনগুলিকে আরও সংগঠিত করা ও তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হবে।
এদিনের বৈঠকে জেলা কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবে বলে জানা গেছে।
সূত্রের খবর, খুব শীঘ্রই জেলা জুড়ে ধারাবাহিক সভা, পথসভা ও সাংগঠনিক পর্যালোচনা কর্মসূচি গ্রহণ করা হবে।
নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে সিপিএম যে তৎপরতা বাড়িয়েছে, এই বৈঠক সেই বার্তাই স্পষ্ট করছে বলে রাজনৈতিক মহলের মত।
