ডাবগ্রাম ফুলবাড়ীতে ‘মা-ছেলের’ ভোটযুদ্ধ: মুখোমুখি শিখা চ্যাটার্জি ও রঞ্জন শীল শর্মা

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার ও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চ্যাটার্জী। এবার গৌতম বাবু শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা দেবী রঞ্জনশীল শর্মা কে আঙুল ধরে রাজনৈতিক পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী চলে যান বিজেপিতে। জীবনের রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন।

শিখা দেবী বিজেপির বিধায়ক হন। পুত্র রঞ্জনশীল শর্মা তৃণমূলের কাউন্সিলর থেকে যান। এবার মা ছেলের লড়াই ডাবগ্রাম ফুলবাড়ীতে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কলকাতা থেকে শিলিগুড়িতে গতকাল বিকেলে এসে পৌঁছান রঞ্জন শীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে আজও মা বলেই ডাকেন রঞ্জন। বৃহস্পতিবার সকালে মাকে প্রণাম করেই নিজের নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি প্রার্থী রঞ্জন শীল শর্মার গুরু মা শিখা চ্যাটার্জী ছেলেকে আশীর্বাদ করলেন। বললেন শুভবুদ্ধির উদয় হোক, দেশের জন্য দশের জন্য ভালো কাজ করুক রঞ্জন।

শিলিগুড়ি শহর লাগুয়া ডাবগ্রাম ফুলবাড়ী এবার অন্য লড়াই দেখবে। রাজনৈতিক গুরু মা এবং পুত্রের লড়াই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ী আসনে তৃণমূলের পরিস্থিতি খুব খারাপ। এই আসনে শিখা চ্যাটার্জিকে হারাতে তার রাজনৈতিক জীবনের পুত্রকে হাতিয়ার করেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। রঞ্জন বাবু বলেন শিখাদেবি আমার মা। মাকে প্রণাম করেই প্রচার শুরু করলাম। রাজনীতি আর ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্যক্তি জীবনে উনার আশীর্বাদ নিয়েই আমি চলি, চলবো। ইতিমধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ী আসনে শুরু হয়েছে গুঞ্জন, শিখা দেবীকে কি হারাতে পারবে রঞ্জন? তবে মা এবং ছেলের এই লড়াই আখেরেকে জেতে তা সময় বলবে। এই কেন্দ্রের দিকেই পাখির চোখ বিজেপি এবং তৃণমূলের কেন্দ্রীয় শিবিরের।