রেলমন্ত্রীর তরফে একাধিক ঘোষণা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কেন্দ্রীয় বাজেটে ৭টি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু শুধু দ্রুতগতির ট্রেন চালালেই হবে না, তার জন্য প্রয়োজন সম্পূর্ণ আলাদা ও আধুনিক রেলপথ। সেই দিকেই বড় পদক্ষেপ করল রেলমন্ত্রক।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, দেশজুড়ে হাইস্পিড ট্রেন চালানোর জন্য সাত জোড়া পৃথক রেলপথ নির্মাণ করা হবে। এই রেললাইনগুলি শুধুমাত্র বুলেট ও হাইস্পিড ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে। হাইস্পিড বুলেট ট্রেনের গতি ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত হবে। এত বেশি গতিতে চলাচলের জন্য বর্তমান সাধারণ রেললাইন কিংবা সেই লাইনের পাশের জমি নিরাপদ বা প্রযুক্তিগত ভাবে উপযুক্ত নয়।

তাই আন্তর্জাতিক মান বজায় রেখে নতুন করে পৃথক করিডোর তৈরি করা হচ্ছে। এই হাইস্পিড নেটওয়ার্কের আওতায় ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।