নাবালককে ডেকে নিয়ে খু*ন? শিমুলতলায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রের দে*হ

ত্রিকোণ প্রেমের জেরে এক নাবালক ছাত্রকে অপহরণের পর খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। মৃত ছাত্রের নাম শুভজিৎ মোদক (১৫), দশম শ্রেণির ছাত্র। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে।

পরিবারের অভিযোগ, এলাকারই ২৫ বছর বয়সী রাজ পাসওয়ান নামে এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ ও রাজ দুজনেই একই কিশোরীকে পছন্দ করতো। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় এক মাস আগে তাদের মধ্যে তীব্র বিবাদও হয়েছিল বলে দাবি বন্ধুদের।

অভিযোগ, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে রাজের এক বন্ধুকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এরপর সোমবার গভীর রাতে মাটিগাড়ার একটি ঝোপ থেকে শুভজিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান শ্বাসরোধ করে খুনের আশঙ্কা করা হচ্ছে, যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে জানানো হয়নি।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজ পাসওয়ান পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এটি শুধুমাত্র ত্রিকোণ প্রেমঘটিত অপহরণ ও খুন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের সদস্যরা দোষীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।