মালদার মালতীপুরে কড়া নিরাপত্তার বলয় ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে হঠাৎই উড়ে এল একটি রহস্যময় ড্রোন। শনিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে।
জানা গিয়েছে, মানিকচকের জনসভা সেরে মালতীপুরে দ্বিতীয় সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় হেলিপ্যাডের একেবারে কাছে, তাঁর হেলিকপ্টারের উপর দিয়ে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়।
কপ্টারে ওঠার মুখে ড্রোনটি দেখে থমকে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশকে নির্দেশ দেন “এটা নজরে রাখা দরকার, যারা করেছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে।”
এই কড়া বার্তার পরেই তড়িঘড়ি তদন্তে নামে জেলা পুলিশ। ড্রোনটি সাধারণ মানুষের ভিড় থেকে ওড়ানো হয়েছে, নাকি এর পিছনে কোনও পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নির্বাচনী আবহে একজন ভিভিআইপি নেত্রীর নিরাপত্তা বলয়ে এভাবে ড্রোন ঢুকে পড়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে গোয়েন্দা ও প্রশাসনের ভূমিকা ঘিরে।
উল্লেখ্য, সম্প্রতি দুবরাজপুর থেকে ফেরার পথে মমতার বিমানে দুর্যোগজনিত সমস্যাও তৈরি হয়েছিল, যা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তার মধ্যেই এই নতুন ড্রোন-কাণ্ডে নিরাপত্তা নিয়ে ফের চাপে প্রশাসন।
নির্বাচনের মুখে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।
