অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদ- এর উদ্যোগে মালদার গাজোলের কদুবাড়ি মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা।
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ১৮টি জেলার প্রতিনিধি নেতৃত্ব এই বৈঠকে অংশগ্রহণ করে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় তিন কোটি নমঃশূদ্র, মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বসবাস করে।
তাদের দাবি, রাজ্যের অন্তত ৭৮টি বিধানসভা কেন্দ্রে এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। সেই প্রেক্ষিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে অধিক সংখ্যক নমঃশূদ্র প্রার্থী দেওয়ার দাবিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতে কর্মসূচি গ্রহণ করেছে।
বৈঠকে সংগঠনের নেতৃত্বরা বলেন, দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া নমঃশূদ্র সম্প্রদায়ের সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই সম্প্রদায়ের যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তারা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, জেনারেল সেক্রেটারি রঞ্জন মজুমদার, রাজ্য সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস ও মালদা জেলার পক্ষ থেকে সৌমিত্র সরকার, লক্ষ্মীকান্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।
