দেশব্যাপী ধর্মঘটে শিলিগুড়িতে আংশিক প্রভাব

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাজার ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নামেন এবং পিকেটিং করতে দেখা যায়। তবে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবহন পরিষেবা ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

সেই কারণে শহরের বিভিন্ন রাস্তায় বাস, অটো ও টোটো চলাচল বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক ছিল। পরীক্ষাকেন্দ্রগুলির সামনে পুলিশি নজরদারিও চোখে পড়ে। অন্যদিকে, শহরের একটি সরকারি ব্যাংকে ভিন্ন চিত্র ধরা পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও ওই ব্যাংকের কর্মীরা ধর্মঘট উপেক্ষা করে প্রশাসনের উপস্থিতিতে ব্যাংকে প্রবেশ করেন এবং পরিষেবা চালু রাখেন।

বিষয়টি নিয়ে ধর্মঘট সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষের সুর শোনা যায়। সামগ্রিকভাবে, ধর্মঘটের প্রভাব শিলিগুড়িতে আংশিকভাবে পড়লেও পরীক্ষার কথা মাথায় রেখে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।