বহুদিন ধরেই উঠছে অভিযোগ, অবশেষে রাজ্যের রাজনৈতিক মঞ্চে ফের তীব্র সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করেই এই আইনি লড়াই। কলকাতার আলিপুর কোর্টে মামলা দায়ের হয়েছে।
কয়লা কেলেঙ্কারির তদন্ত ঘিরে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে “ভিত্তিহীন ও মানহানিকর” বলে দাবি শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, প্রকাশ্যে তাঁর নাম জড়িয়ে গুরুতর অভিযোগ করা হয়েছে, যার কোনও প্রমাণ দেওয়া হয়নি।
কয়লা কেলেঙ্কারির তদন্তে ইডি আইপ্যাক কর্তা প্রতীক জৈনের অফিস এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালায়। সেই তল্লাশি ঘিরেই বিতর্কের সূত্রপাত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই তল্লাশির মাধ্যমে তৃণমূলের ভোট-তথ্য চুরি করা হচ্ছে। পাশাপাশি, কয়লা কেলেঙ্কারির সঙ্গে শাহ ও শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছয়। মামলায় জিতলে মুখ্যমন্ত্রী যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন, তা তিনি দান-ধ্যানের কাজে ব্যয় করবেন বলেও জানান শুভেন্দু অধিকারী।
